বগুড়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা

বগুড়ার শাজাহানপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মেহেরুল ওরফে মেরু (৩৫) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে শাকপালা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
শুক্রবার সকালে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজন শাকপালা বন্দরের পার্শ্বে মসজিদের কাছে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, মেরু মাদকসেবী। নির্দিষ্ট কোন কর্ম করে না সে। বৃহস্পতিবার রাতে শাকপালা বন্দরে থাকা একটি বাসে চুরি করতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহের গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এসএ



