
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে খোরশেদ আলম (৩৮) হত্যা মামলার পলাতক আসামি মোঃ বেল্লালকে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-১২।
সোমবার (৯ নভেম্বর) রাতে বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে শাজাহানপুরের মাদলা পূর্বপাড়ার মোঃ আনসার আলীর ছেলে ভিকটিম মোঃ খোরশেদ আলম (৩৮) বাজার করার জন্য মাদলা বাজারে যান। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বাজারের পূর্ব পাশে মতি ইলেকট্রিক্স দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার পথরোধ করেন।
এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র বার্মিজ চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে খোরশেদ আলমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে সঙ্গে থাকা নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর বিকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা মোঃ আনছার আলী (৭০) বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত সিপিএসসি ও এসআরবি-১২-এর সদস্যরা শুরু করলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ৪ নম্বর পলাতক আসামি মোঃ বেল্লালকে বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা এলাকার মোঃ শেকুল প্রামাণিকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সিপিএসসি ও এসআরবি-১২ এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।



