
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এর আজকের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বগুড়া জেলা দল। চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে নাটোর জেলা দলকে ১৪৯ রানে পরাজিত করে বগুড়া।
প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৮ দল সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান। দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন রিয়াদ শেখ। তিনি দায়িত্বশীল ও আক্রমণাত্মক ইনিংস খেলে করেন ১১২ রান, যা বগুড়ার বড় সংগ্রহে মূল ভূমিকা রাখে।
জবাবে ব্যাট করতে নেমে বগুড়ার বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে নাটোর জেলা দল। একের পর এক উইকেট হারিয়ে তারা মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়।
এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে শুভ সূচনা করলো বগুড়া জেলা অনূর্ধ্ব-১৮ দল। দলটির পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কোচ ও কর্মকর্তারা।



