ক্রিকেট
প্রধান খবর

মুশফিকের বিদায়ের সঙ্গে অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সিও

ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বিদায় নেবেন অভিজ্ঞ এই ব্যাটার। তাঁর বিদায়ের সঙ্গে দীর্ঘদিনের সঙ্গী ১৫ নম্বর জার্সিটিও তুলে রাখার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিকের সম্মানে তাঁর ব্যবহৃত ১৫ নম্বর জার্সি আর কোনো ক্রিকেটারকে না দেওয়ার প্রস্তাব নিয়ে বোর্ড সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নাম তাঁর নামে করার পরিকল্পনাও রয়েছে।

মিরপুরেই শেষ টেস্ট

শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্ত জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।

আগামী বছর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। সিরিজের প্রথম টেস্টটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। ওই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক।

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও হতে যাচ্ছে সেই ইংল্যান্ডের বিপক্ষে। তবে এবার বিদায় নেবেন নিজের দেশের মাঠে।

মুশফিকের নামে গ্যালারির পরিকল্পনা

মুশফিকের বিদায় স্মরণীয় করে রাখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একটি গ্যালারির নাম তাঁর নামে করার পরিকল্পনা করছে বিসিবি।

তবে স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধীন হওয়ায় গ্যালারির নামকরণের জন্য তাদের অনুমোদন প্রয়োজন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

বাংলাদেশের প্রথম ১০০ টেস্ট খেলা ক্রিকেটার

২০০৫ সালে টেস্ট অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সবার আগে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েন মুশফিক।

এখন পর্যন্ত ১০৮টি টেস্টে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্টে তাঁর ১৪টি সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে।

ইতোমধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। ফলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের মধ্য দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেরও সমাপ্তি ঘটবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button