
সিকান্দার রাজাকে সরিয়ে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। ফলে রাজা নেমে গেছেন দুই নম্বরে।
এক নম্বরে ওঠা সাইম আইয়ুবের রেটিং পয়েন্ট ২৯০। সিকান্দার রাজা আছেন ২৮৯ পয়েন্ট নিয়ে-মাত্র এক পয়েন্টে পিছিয়ে।
অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই এই স্বীকৃতি পেয়েছেন সাইম। হোয়াইটওয়াশ করা ওই সিরিজে তিন ম্যাচে ১৭০ স্ট্রাইকরেটে ১১৯ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি। পাশাপাশি বল হাতে নেন ৩ উইকেট।
অলরাউন্ডার তালিকায় নাওয়াজের উন্নতি
একই সিরিজে বল হাতে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়া মোহাম্মদ নাওয়াজও র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। ব্যাট হাতে করেছিলেন ২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে আবরার ও আদিলের উত্থান
বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে দুই নম্বরে উঠেছেন পাকিস্তানের আবরার আহমেদ। অস্ট্রেলিয়া সিরিজে তিনি ৬ উইকেট নিয়ে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। আগের মতোই শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদেরও দুই ধাপ উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৫ উইকেট নিয়ে তিনি ছয় থেকে চার নম্বরে উঠে এসেছেন। নাওয়াজের উন্নতি হয়েছে ৮ ধাপ, সেরা দশে ঢুকে তার অবস্থান এখন সাত নম্বরে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ
ব্যাটিং র্যাঙ্কিংয়েও বেশ কয়েকজন ক্রিকেটার বড় অগ্রগতি অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ৪২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন। ভারতের ইশান কিশান ৩২ ধাপ উন্নতি করে এখন ৩২ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড ২৪ ধাপ এগিয়ে ৭৭ এবং শিমরন হেটমায়ার ২২ ধাপ এগিয়ে ৭১ নম্বরে অবস্থান করছেন।
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ৯৩ রান করা ক্যামেরন গ্রিন ১৬ ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে। ১২০ রান করা সালমান আলী ১২ ধাপ উন্নতি করে ২৯ নম্বরে এবং সাইম আইয়ুব ৮ ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন।
তথ্যসূত্র: সময় টিভি



