
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে নতুন প্রবেশ বিধিমালা কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়ম সব স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী ব্যক্তির জন্য প্রযোজ্য, যার মধ্যে সাংবাদিকরাও অন্তর্ভুক্ত।
বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের একমাত্র নির্ধারিত পথ হবে ১ নম্বর গেইট। এছাড়া সাংবাদিকরা শুধু নির্দিষ্ট কিছু উপলক্ষ্যে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে রয়েছে-
- ম্যাচের দিন
- আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন
- বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান
- বিসিবি কর্তৃক জানানো নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন
বিসিবি জানিয়েছে, নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং ভেন্যু ও বোর্ড কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নিয়মের ফলে সাংবাদিকদের কাজের পরিধি কিছুটা সীমাবদ্ধ হবে। বিসিবি সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার জন্য সহায়তা কামনা করেছে।



