ক্রিকেট
প্রধান খবর

সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নিল লাহোর কালান্দার্স, ব্যয় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এই চুক্তিতে দলটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে লাহোর কালান্দার্স।

লাহোর কালান্দার্সের বার্তা

আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়,

“আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারের সঙ্গে ফিরে এসেছেন। একবারের কালান্দার, সবসময়ই একজন কালান্দার।”

আগেই ইঙ্গিত দিয়েছিল পিএসএল

এর আগে গত ৬ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় পিএসএল কর্তৃপক্ষ। সেখানে বলা হয়,

“ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।”

আইপিএল থেকে বাদ পড়ার পর নতুন অধ্যায়

গত ১৬ ডিসেম্বর আইপিএলে ৬ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে দলে ভেড়ালেও, পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এর প্রতিবাদে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দেন,

“খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়”-এই অবস্থান থেকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান

বর্তমান চ্যাম্পিয়ন লাহোর

উল্লেখ্য, লাহোর কালান্দার্স পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল। গত মৌসুমে এই দলের হয়ে খেলেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button