
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরটি শুধু বড় পরিসরে আয়োজনই নয়, ইতিহাস বদলাতেও যাচ্ছে। দলসংখ্যা ও ম্যাচসংখ্যা বাড়ার পাশাপাশি সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দল গঠনের প্রক্রিয়ায়। প্রতিযোগিতার শুরু থেকে যে লিগ ড্রাফট পদ্ধতিতে দল সাজাত, সেই পিএসএল এবার প্রথমবারের মতো নিলাম ব্যবস্থায় যাচ্ছে।
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নিলাম। নিলামের আগেই বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ পিএসএল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশিত নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা অনুযায়ী, নিলামের জন্য দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৮৭৯ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকেই রয়েছেন ৫০ জন ক্রিকেটার, যা একক দেশ হিসেবে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।
নিলামে সর্বোচ্চ ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্য ক্যাটাগরিতে নাম দিয়েছেন মোট ৩১ জন ক্রিকেটার। তবে এই সর্বোচ্চ ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। এই ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্কটি প্রায় ৯৬ লাখ টাকা। অভিজ্ঞতা, ব্র্যান্ড ভ্যালু ও আন্তর্জাতিক পারফরম্যান্সের সমন্বয়েই তারা এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।
এ ছাড়া ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন ২২ জন বাংলাদেশি ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমনসহ জাতীয় দলের নিয়মিত ও উদীয়মান ক্রিকেটাররা।
অন্যদিকে বাকি ২৫ জন বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৬০ লাখ পাকিস্তানি রুপি। এই তালিকায় আছেন আফিফ হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, আকবর আলী, নাঈম শেখ, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিবসহ ঘরোয়া ক্রিকেটে পরিচিত অনেক নাম। অভিজ্ঞতা ও সম্ভাবনার মিশেলে এই ক্যাটাগরির খেলোয়াড়দের দিকেও দলগুলোর নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তবে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলামের বাইরে থাকছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
নিলাম শেষে কোন কোন বাংলাদেশি ক্রিকেটার পিএসএলের নতুন মৌসুমে দল পান-সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটভক্তরা।
তথ্যসূত্র: ইত্তেফাক



