
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বর্তমান পরিচালনা কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি বলেন, বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।
অ্যাডহক কমিটিতে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান, সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম ও মিনহাজুল আবেদীন নান্নু জায়গা পেয়েছেন। একমাত্র নারী সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম।
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি দুই দিন আগে তাদের প্রতিবেদন এনএসসির কাছে জমা দেয়। প্রতিবেদনে বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার এবং বিসিবি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে এনএসসি বর্তমান বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
এনএসসি জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই অ্যাডহক কমিটিকে বিসিবির নির্বাচন প্রক্রিয়া সংস্কার করে নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে হবে।
এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে রয়েছেন- তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম, সালমান ইস্পাহানী, তানজীম চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।
সূত্র: সময় নিউজ



