
খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক নির্বাচক ও প্রাক্তন বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক।
বিসিবি সূত্রে জানা গেছে, পাইপলাইন আরও শক্তিশালী করতে এইচপি ইউনিটকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বোর্ড সংশ্লিষ্টদের ধারণা, নতুনভাবে সাজানো এইচপি ইউনিট কার্যকর হলে আলাদা করে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের প্রয়োজন হবে না।
বর্তমানে বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সোহেল ইসলাম।
নতুন পরিকল্পনা অনুযায়ী, এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার সঙ্গে সিনিয়র কোচ হিসেবে যোগ দিতে পারেন সোহেল ইসলামও।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, “এইচপিতে আমরা নতুন সেটআপ আনছি। সালাহউদ্দিন ভাই ও সোহেল ভাই সেখানে যোগ দেবেন।”
এইচপির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ব্যাটিং ও পেস বোলিং কোচের সন্ধান চলছে। আগামী কয়েক দিনের মধ্যে বিসিবি সভাপতি এ বিষয়ে আলোচনা করবেন।
জানা গেছে, ব্যাটিং কোচের দৌড়ে সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহ অন্যতম প্রার্থী। আগামী জুনে সালাহউদ্দিন দায়িত্ব বুঝে নিতে পারেন।
অন্যদিকে, আমিনুল ইসলাম বুলবুল-এর কমিটিতে বিসিবি পরিচালক হিসেবে কাজ করা আব্দুর রাজ্জাকের সঙ্গে দুই বছরের চুক্তির সম্ভাবনা রয়েছে।
বিসিবির এক কর্মকর্তা বলেন, “চুক্তির মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভবত এটি দুই বছরের হবে। মৌখিকভাবে আলোচনা শেষ হয়েছে, আনুষ্ঠানিক সইয়ের পর সব পরিষ্কার হবে।”
তথ্যসূত্র: দি ডেইলি স্টার




