ক্রিকেট
প্রধান খবর

মিরপুরে ইতিহাস, পাকিস্তানকে ১০৪ রানে হারাল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ এক জয়ে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। পেস ও স্পিনের অসাধারণ সমন্বয়ে শেষ দিনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন বাংলাদেশের বোলাররা।

২৬৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের হয়ে গতি আর আগুনঝরা বোলিংয়ে নেতৃত্ব দেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। পাশাপাশি স্পিনে কার্যকর ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে মোহাম্মদ রিজওয়ানের স্টাম্প উড়ে যাওয়া। ১৪৭ কিলোমিটার গতির বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢুকে সরাসরি স্টাম্পে আঘাত হানে। সেই মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি।

শেষ দিনের শুরুতে বাংলাদেশ দ্রুত রান তুলে লিড বাড়ানোর পরিকল্পনা নেয়। প্রথম সেশনে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আরও ৮৮ রান যোগ করে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫০ বলে ৮৭ রান করে আউট হন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরতে হয় তাকে।

লাঞ্চের আগেই পাকিস্তান প্রথম ধাক্কা খায়। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে কট বিহাইন্ড হন ইমাম-উল-হক।

দ্বিতীয় সেশনে আজান আওয়াইসকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। এরপর নাহিদ রানার বলে আউট হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। কিছুটা প্রতিরোধ গড়েছিলেন আবদুল্লাহ ফজল ও সালমান আগা, তবে তাইজুল ইসলাম ও তাসকিনের জোড়া আঘাতে ভেঙে যায় সেই জুটি।

এরপর ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়। সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান রক্ষণাত্মক ব্যাটিং করে ম্যাচ বাঁচানোর চেষ্টা করলেও নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি তারা। টানা তিন ওভারে সৌদ, রিজওয়ান ও নোমান আলীকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান এই তরুণ পেসার।

শেষ পর্যন্ত শাহিন আফ্রিদির উইকেট নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় পাঁচ উইেট শিকার। তার বিধ্বংসী বোলিংয়েই বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button