ক্রিকেট
প্রধান খবর

বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

শনিবার (১৬ মে) নির্বাচন সংক্রান্ত আনুষ্ঠানিক তফশিল প্রকাশ করা হয়।

তফশিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

গত ৭ এপ্রিল তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ সে সময় জানিয়েছিল, তিন মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডের নির্বাচন আয়োজন করবে অ্যাডহক কমিটি। সেই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করল তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই ওই কমিটি নানা বিরোধিতার মুখে পড়ে। পরবর্তীতে বুলবুলের নেতৃত্বাধীন কমিটি থেকে সাতজন পরিচালক পদত্যাগ করেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button