ক্রিকেট

বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও আরও কিছুদিন কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন টেইট। তবে আলোচনার পর উভয় পক্ষই মনে করেছে, এই মুহূর্তে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত।

২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন শন টেইট। দায়িত্ব গ্রহণের পর জাতীয় দলের পেসারদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার অধীনে কাজ করে সাম্প্রতিক সময়ে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের পেস বোলাররা উল্লেখযোগ্য উন্নতির প্রমাণ দিয়েছেন।

বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে টেইট বলেন, “বাংলাদেশ জাতীয় দলের মেধাবী ও প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কাজ করা আমার জন্য গর্বের বিষয় ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। বিসিবির সহযোগিতা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং তারা আরও সাফল্য অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।”

টেইটের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। যদিও তিনি পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন, তবে জানা গেছে ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হওয়ার জন্যও তিনি সাক্ষাৎকার দিয়েছেন।

টেইটের বিদায়ের পর আপাতত বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটের দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় ক্রিকেটার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি দলের সঙ্গে থাকবেন। নতুন বোলিং কোচ নিয়োগ না হলে জিম্বাবুয়ে সিরিজেও দায়িত্ব পালন করতে পারেন তিনি। বর্তমানে তালহা জুবায়ের বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button