
ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছে। এই তালিকা থেকেই কোচ লিওনেল স্ক্যালোনি চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড নির্বাচন করবেন, যারা বিশ্বকাপে অংশ নেবে। আগামী ৩০ মে চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে, ঘোষিত এই প্রাথমিক তালিকা থেকেই বদলি নেওয়া হবে। ফলে তালিকায় থাকা প্রত্যেক খেলোয়াড়ই এখনো বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন।
প্রাথমিক তালিকায় বেশ কয়েকটি চমকপ্রদ নাম রয়েছে। এমন কিছু ফুটবলার জায়গা পেয়েছেন, যাদেরকে কোচিং স্টাফ দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে রাখলেও এর আগে কখনও জাতীয় দলে ডাকেনি।
গোলরক্ষকের তালিকায় নতুন মুখ
ছয় গোলরক্ষকের তালিকায় সবচেয়ে আলোচিত নাম সান্তিয়াগো বেলত্রান। রিভার প্লেটের এই তরুণ গোলকিপার প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন।
তার আগে তালিকায় রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ ও ফাকুন্দো কাম্বেসেস। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে প্রথম তিনজনের চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ডান প্রান্তে বিকল্প ভাবনায় স্ক্যালোনি
ডান প্রান্তে গঞ্জালো মন্তিয়েলের জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। তবে নাহুয়েল মলিনা চোটে পড়ায় এই পজিশনে বিকল্প ভাবনায় রয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
রোববার (১০ মে) চোট পাওয়া মলিনার সেরে উঠতে প্রায় ২১ দিন লাগতে পারে। ফলে অগাস্টিন গিয়ায়, কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোর নামও আলোচনায় এসেছে।
রক্ষণভাগে চমক
রক্ষণভাগে অন্যতম চমক লাউতারো দি লোল্লো। সম্প্রতি বোকা জুনিয়র্সের মূল একাদশে জায়গা পাকাপোক্ত করা এই ডিফেন্ডার প্রথমবারের মতো বড় আলোচনায় এসেছেন।
এছাড়া তালিকায় আছেন জাইদ রোমেরো, যিনি বর্তমানে স্পেনের লা লিগায় গেতাফের হয়ে খেলছেন।
তবে অবাক করার মতো বিষয় হলো, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ডাক পাওয়া টমাস প্যালাসিওস এবার জায়গা পাননি। বাদ পড়েছেন মারিয়ানো ত্রইলোও।
মিডফিল্ড ও আক্রমণে নতুন মুখ
মিডফিল্ড ও আক্রমণভাগেও রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে রয়েছেন মিল্টন দেলগাদো ও টমাস আরান্দা। দুজনই বর্তমানে বোকা জুনিয়র্সের নিয়মিত খেলোয়াড় এবং বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।
টমাস আরান্দাকে সর্বশেষ অনূর্ধ্ব-২০ দলে ডাকা হয়েছিল। এমনকি শেষ আন্তর্জাতিক বিরতিতে তিনি সিনিয়র দলের সঙ্গেও অনুশীলন করেছেন।
তাকে নিয়ে কোচ লিওনেল স্ক্যালোনি বলেছিলেন,
‘সে খুবই আকর্ষণীয় একজন খেলোয়াড় এবং দারুণ এক আবিষ্কার।’
ফিরলেন পরিচিত কয়েকজন
প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য গুইদো রদ্রিগেজ। এছাড়া নিকোলাস ডমিঙ্গুয়েজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকেও আবার দেখা গেছে তালিকায়।
এদিকে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ডাক পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো।
এছাড়া স্কোয়াডে রয়েছেন মাতিয়াস সৌলে, ক্লাউদিও এচেভেরি এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। তবে প্রেস্তিয়ান্নি চূড়ান্ত দলে জায়গা পেলেও নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না।
তথ্যসূত্র: smB




