
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। সেই ম্যাচের মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এসেছিল এনজো ফার্নান্দেজ ও পাউ কুবারসির সংঘর্ষের একটি মুহূর্ত। এবার সেই ঘটনার স্থিরচিত্র জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইমের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায়।
ছবিতে দেখা যায়, এনজোর শক্তিশালী ট্যাকলে শূন্যে ছিটকে যাচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার কুবারসি। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লো। ছবিতে কুবারসির শরীর মাটি থেকে অনেকটা ওপরে উঠে যাওয়ার দৃশ্যটি বেশ নাটকীয়ভাবে ফুটে উঠেছে।
বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ঘটনাটি ঘটে। এর আগে একটি হলুদ কার্ড দেখা এনজো দ্বিতীয়বার একই শাস্তি পাওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
টাইমের তালিকায় জায়গা পেয়েছে গাজার ফুটবলের একটি ছবিও। ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ছবিটি তুলেছেন এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি। এতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে তৈরি করা মাঠে অনুশীলন করছেন আল-আহলি ক্লাবের ফুটবলাররা।
ইসরায়েলি হামলায় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামসহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন পুরোনো কৃত্রিম ঘাস ব্যবহার করে নতুন মাঠটি তৈরি করে। এতে স্থানীয় ফুটবলারদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দেরও আবার মাঠে ফেরার সুযোগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: সময় নিউজ



