
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তবে এই দল ঘোষণায় ফুটবল বিশ্বকে বড় এক ধাক্কা দিয়েছেন তিনি। দলে জায়গা হয়নি বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তারকা ফিল ফোডেন এবং কোল পামারের। এমনকি রক্ষণভাগের প্রধান ভরসা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং অভিজ্ঞ হ্যারি ম্যাগুয়ারকেও ছেঁটে ফেলেছেন এই জার্মান মাস্টারমাইন্ড।
দল ঘোষণার পর টমাস টুখেল তার সিদ্ধান্তে অনড় থেকে জানান, দল নির্বাচনে তাকে আবেগের ঊর্ধ্বে উঠে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন,
“গত তিন দিনে অনেকগুলো ফোনকল করতে হয়েছে। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন স্বস্তিও লাগছে, আবার রোমাঞ্চও কাজ করছে। একবার সিদ্ধান্ত হয়ে গেলে সব পরিষ্কার হয়ে যায়। দলের সঙ্গে বিমানে উঠতে আর তর সইছে না।”
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফিল ফোডেন ও কোল পামারের বাদ পড়া নিয়ে। ক্লাব ফুটবলে নিজেদের সেরাটা দিতে না পারা এবং একই পজিশনে তীব্র প্রতিযোগিতার কারণে তারা টুখেলের পরিকল্পনায় জায়গা পাননি। এদিকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের রক্ষণাত্মক দুর্বলতা নিয়ে আগে থেকেই সংশয় ছিল, যা শেষ পর্যন্ত তাকে বাদ পড়ার তালিকায় নিয়ে গেছে।
টানা কয়েক বছর ইংল্যান্ডের রক্ষণ সামলানো হ্যারি ম্যাগুয়ার দল থেকে বাদ পড়ে সামাজিকভাবে নিজের কষ্ট প্রকাশ করেছেন। তিনি জানান, বিশ্বকাপের মতো বড় আসরে সুযোগ না পেয়ে তিনি ‘হতবাক ও ভীষণ কষ্ট পেয়েছেন’। ম্যাগুয়ার ছাড়াও দলে জায়গা পাননি অ্যাডাম ওয়ার্টন, মরগান গিবস-হোয়াইট এবং লুক শ।
ইউরো ২০২৪-এ হ্যারি কেনের ব্যাকআপ হিসেবে থাকা অলি ওয়াটকিন্স এবং ইভান টনি আবারও নিজেদের প্রমাণ করে দলে ফিরেছেন। বিশেষ করে সৌদি ক্লাব আল আহলির হয়ে গোলবন্যা বইয়ে দেওয়া টনিকে নিয়ে টুখেল বড় বাজি ধরেছেন। অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ওয়াটকিন্সও কেনের প্রধান বিকল্প হিসেবে থাকছেন।
চোটের কারণে গত এক মাস মাঠের বাইরে থাকা টিনো লিভরামেন্টো এবং চোয়ালের চোটে ভোগা জেদ স্পেন্সের ওপর আস্থা রেখেছেন কোচ। টুখেল মূলত উইং-ব্যাকে গতির ওপর জোর দিতেই এই ঝুঁকি নিয়েছেন।
এক নজরে ইংল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড
ডিফেন্ডার: রিস জেমস, এজরি কোনসা, জারেল কোয়ানসাহ, জন স্টোনস, মার্ক গেহি, ড্যান বার্ন, নিকো ও’রেইলি, ডিজেড স্পেন্স, টিনো লিভরামেন্টো
মিডফিল্ডার: ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে
ফরোয়ার্ড: হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে।
গ্রুপ ‘এল’-এ থাকা ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে থ্রি-লায়ন্সরা।
তথ্যসূত্র: সময় নিউজ
