
স্পেনের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। অথচ আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত স্পেন দলে জায়গা হয়নি ক্লাবটির কোনো খেলোয়াড়ের। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আধিপত্য ধরে রেখেছে স্কোয়াডে।
সোমবার (২৫ মে) ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত দলে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। তাকে ঘিরেই দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে লা রোজারা। তবে চোটের কারণে গ্রুপ পর্বে স্পেনের প্রথম ম্যাচ মিস করতে পারেন তিনি।
বিশ্বকাপের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক ডিন হুইজেন ও কোমোর স্ট্রাইকার আলভারো মোরাতা। এছাড়া ইনজুরির কারণে ছিটকে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজ।
স্পেন দলে সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় নিয়েছে বার্সেলোনা থেকে। তারা হলেন- লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভি, হোয়ান গার্সিয়া, পাও কুবারসি, এরিক গার্সিয়া, দানি ওলমো ও ফেরান তোরেস।
বিশ্বকাপের আগে আগামী ৪ জুন ইরাক এবং ৮ জুন পেরুর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন।
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন। গ্রুপে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)।
ডিফেন্ডার:
মার্ক কুকুরেয়া (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), পাও কুবারসি (বার্সেলোনা), আয়েমারিক লাপোর্তে (আল নাসর), মার্ক পিউবিল (অ্যাতলেটিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস ইয়োরেন্তে (অ্যাতলেটিকো মাদ্রিদ), পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার)।
মিডফিল্ডার:
পেদ্রি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), মার্তিন জুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স বায়েনা (অ্যাতলেটিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (আর্সেনাল), মিকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ)।
ফরোয়ার্ড:
দানি ওলমো (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), ফেরান তোরেস (বার্সেলোনা), বোর্হা ইগলেসিয়াস (সেল্টা ভিগো), ভিক্টর মুনোজ (ওসাসুনা) ও লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
তথ্যসূত্র: সময় নিউজ
