মেসির নেতৃত্বে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার: নেই আকুনিয়া ও মাস্তানতুওনো

অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের অভিজ্ঞ কান্ডারি এবং একঝাঁক প্রতিভাবান তরুণদের মিশেলে এই স্কোয়াড সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা।
স্কালোনির এবারের দলে কাতার বিশ্বকাপের মূল কাঠামো প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। গোলপোস্টে বিশ্বস্ত এমিলিয়ানো (দিবু) মার্টিনেজ থেকে শুরু করে মাঝমাঠের রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা থাকছেন দলের মেরুদণ্ড হিসেবে। আক্রমণে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের সাথে নতুন সংযোজন হিসেবে জায়গা করে নিয়েছেন জুলিয়ানো সিমিওনে এবং নিকো পাজ।
দল ঘোষণার সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ফ্রাঙ্কো মাস্তানতুওনোর অনুপস্থিতি। অভিজ্ঞ ফরোয়ার্ডদের ভিড়ে রিয়াল মাদ্রিদের এই তরুণ তুর্কি শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি। এছাড়া বাদ পড়েছেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্কোস আকুনিয়া। তার বাদ পড়া নিয়ে ফুটবল মহলে কিছুটা অবাক হওয়ার আবহ থাকলেও কোচ স্কালোনি সাম্প্রতিক ফর্ম এবং ফিটনেসকেই বেশি গুরুত্ব দিয়েছেন।
এক নজরে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
ডিফেন্ডার : লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গনজালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।
ফরোয়ার্ড : হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকো গনজালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।
আর্জেন্টিনাকে এবারের আসরেও অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে, মেসির জাদুকরী নেতৃত্ব আর ডি পল-রোমেরোদের লড়াকু মানসিকতা দলটিকে টানা দ্বিতীয় শিরোপার পথে অনেকটা এগিয়ে রাখবে। বিশেষ করে মাঝমাঠে এনজো ও ম্যাক অ্যালিস্টারের সৃজনশীলতা এবং আক্রমণে আলভারেজ-লাউতারোর ক্ষিপ্রতা হবে স্কালোনির প্রধান অস্ত্র।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
