ফুটবল
প্রধান খবর

‘মেড ইন বাংলাদেশ’ জার্সিতে স্পেন কে রুখে দিয়ে বিশ্বকাপ ইতিহাস গড়েছে কেপ ভার্দে

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। তবে এই সাফল্যের পেছনে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশেষভাবে আলোচনায় এসেছে বাংলাদেশের নামও।

স্পেনের বিপক্ষে ম্যাচে কেপ ভার্দের খেলোয়াড়রা যে জার্সি পরে মাঠে নেমেছিলেন, সেই জার্সির কাপড় তৈরি হয়েছে বাংলাদেশে। জার্সিতে ছিল ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল, যা দেশের পোশাকশিল্পের জন্য গর্বের বিষয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জার্সির মূল ফেব্রিক্স তৈরি করেছে ঢাকাভিত্তিক ইয়াংওয়ান কর্পোরেশনের কারখানা। পরে জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড কাপেলি স্পোর্ট সেই কাপড় ব্যবহার করে চূড়ান্ত জার্সি প্রস্তুত করে। প্রতিষ্ঠানটির ঢাকায় নিজস্ব উৎপাদন সুবিধাও রয়েছে।

মাঠের পারফরম্যান্সেও চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেনের একের পর এক আক্রমণ দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন দলের অধিনায়ক ও গোলরক্ষক ভোজিনহা। পুরো ম্যাচজুড়ে তিনি সাতটি অসাধারণ সেভ করে দলকে মূল্যবান ফল এনে দেন।

বিশেষ করে মিকেল ওয়ারজাবালের হেড এবং ফেরান তোরেস ও এমেরিক লাপোর্তের গোলের সুযোগ নষ্ট করে তিনি ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন।

৪০ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক ঘটিয়ে ভোজিনহা একটি অনন্য রেকর্ডও গড়েছেন। তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ অভিষিক্ত ফুটবলার হিসেবে নাম লেখান। এ তালিকায় শীর্ষে রয়েছেন মিশরের কিংবদন্তি গোলরক্ষক এসাম এল হাদারি, যিনি ৪৫ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক করেছিলেন।

সব মিলিয়ে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক সাফল্য যেমন বিশ্ব ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি বাংলাদেশের তৈরি কাপড়ে তৈরি জার্সি সেই অর্জনে বাড়তি গর্বের মাত্রা যোগ করেছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button