
২০২৬ ফুটবল বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে পাওয়া যাচ্ছে না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, হাইতির বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, চোট থেকে সেরে ওঠার শেষ ধাপে রয়েছেন নেইমার। তাই কোনো ঝুঁকি না নিয়ে তাকে নিউ জার্সিতেই রেখে দেওয়া হয়েছে। সেখানে তিনি দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন।
গত ১৭ জুন প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে অংশ নিলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন এই ব্রাজিলিয়ান তারকা। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণে একাধিক মেডিকেল পরীক্ষা ও স্ক্যান করা হয়েছে। তবে চিকিৎসকরা এখনো তাকে শারীরিক সংস্পর্শ বা ট্যাকলযুক্ত অনুশীলনে অংশ নেওয়ার অনুমতি দেননি।
গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই চোট নিয়েই তিনি কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান। যদিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবুও ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো ফিরে পাননি।
আগামী শুক্রবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে।
ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্ব শুরু হওয়ার আগেই নেইমার পুরোপুরি সুস্থ হয়ে দলের হয়ে মাঠে ফিরতে পারবেন।