
চলমান ২০২৬ বিশ্বকাপে ফুটবল ইতিহাসের এক অনন্য মাইলফলকের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। বাংলাদেশ সময় রোববারের প্রথম প্রহরে মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে জাপান ও তিউনিসিয়া মুখোমুখি হবে। আর এই ম্যাচটিই হবে ফিফা বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ।
প্রায় ৯৬ বছর আগে, ১৯৩০ সালের ১৩ জুলাই উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল। তৎকালীন ফিফা সভাপতি জুলে রিমের হাত ধরে শুরু হওয়া সেই আসরের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে বেলজিয়ামকে এবং ফ্রান্স ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়েছিল।
বিশ্বকাপের প্রথম ১০০ ম্যাচ পূর্ণ হতে সময় লেগেছিল ২৪ বছর। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়া উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে সেই শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছিল।
বিশ্বকাপ ইতিহাসের বিভিন্ন শততম মাইলফলকের সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু স্মরণীয় ম্যাচ। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল, যেখানে ইংল্যান্ড পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল, সেটি ছিল বিশ্বকাপের ২০০তম ম্যাচ। আবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনাল, যেখানে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটি ছিল ৯০০তম ম্যাচ।
আর্জেন্টিনাও এই ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ মাইলফলকের অংশ। ১৯৮৬ সালের বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয় ছিল ৪০০তম ম্যাচ। অন্যদিকে ১৯৯৪ সালের বিশ্বকাপে বুলগেরিয়ার কাছে আর্জেন্টিনার ২-০ গোলের হার ছিল ৫০০তম ম্যাচের অন্যতম অংশ।
এবার সেই দীর্ঘ পথচলার নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে জাপান ও তিউনিসিয়ার ম্যাচ দিয়ে। বিশ্বকাপের ১০০০তম ম্যাচ হিসেবে এই লড়াই ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নেবে। প্রায় এক শতাব্দীর যাত্রায় বিশ্বকাপ যেমন কোটি কোটি মানুষের আবেগ, আনন্দ ও স্মৃতির অংশ হয়ে উঠেছে, তেমনি এই ম্যাচ নতুন এক ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের কাছে।



