ফুটবল
প্রধান খবর

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের মা মারা গেছেন। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তিনি নিজ দেশে ফিরছেন। বুধবার (২৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মায়ের মৃত্যুর কারণে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ গ্রুপ ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না দেশম। বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় সকালে ৫৭ বছর বয়সী দেশম মায়ের মৃত্যুর খবর পান। এরপর ফেডারেশনের সভাপতি ফিলিপ দিওলো তাকে দেশে ফিরে শেষকৃত্যে অংশগ্রহণের অনুমতি দেন।

ইতোমধ্যে ফ্রান্স বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাককে হারিয়ে তারা গ্রুপ ‘আই’-এর শীর্ষে রয়েছে। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে ফরাসিরা।

ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্তেফহান সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন।

খেলোয়াড়ি জীবনেও দিদিয়ের দেশম ছিলেন ফ্রান্সের অন্যতম সফল ফুটবলার। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন তিনি।

২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন দেশম। তার অধীনেই ফ্রান্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতে। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে উঠলেও আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় দলটি।

চলমান বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছে ফ্রান্স। নিউ জার্সিতে সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর ইরাককে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে তারা। যদিও ওই ম্যাচে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ ছিল।

ব্যক্তিগত এই শোকের মুহূর্তে দেশম ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরাসি ফুটবল সংশ্লিষ্টরা এবং সমর্থকরা।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button