ফুটবল
প্রধান খবর

শেষ ষোলোর আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন চুয়ামেনি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। উরুর চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডের অন্যতম ভরসা অরেলিয়াঁ চুয়ামেনি।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যাচের আগের শেষ অনুশীলনে চোটে পড়েন। চলতি বিশ্বকাপে ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি।

চুয়ামেনির অনুপস্থিতিতে তার জায়গায় মানু কোনেকে শুরুর একাদশে দেখা যেতে পারে। এর আগে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে চুয়ামেনিকে বিশ্রাম দেওয়া হলে তার পরিবর্তে খেলেছিলেন কোনে।

চলতি আসরে ফ্রান্সের মাঝমাঠে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

গ্রুপ ‘আই’-এর তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফ্রান্স। পরে রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান রানার্সআপরা।

ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button