বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে খেলতে ”ভায়াগ্রা” ব্যবহার করতে পারে ইংল্যান্ড

ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচের আগে ইংল্যান্ড দলের প্রস্তুতিতে এসেছে এক ভিন্ন মাত্রা। মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামের অতিরিক্ত উচ্চতাজনিত শারীরিক সমস্যা মোকাবিলায় খেলোয়াড়দের ভায়াগ্রা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আগামী নকআউট পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৩৫০ ফুট উচ্চতায় অবস্থিত। এত উঁচুতে বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম থাকায় খেলোয়াড়দের শরীরে অক্সিজেন গ্রহণের মাত্রা হ্রাস পেতে পারে। এর ফলে স্ট্যামিনা, ম্যাচের ধকল কাটিয়ে ওঠার সক্ষমতা এবং সামগ্রিক পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে, বিশেষ করে যারা এমন পরিবেশে খেলার অভিজ্ঞ নন।
জানা গেছে, উচ্চতাজনিত এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইংল্যান্ডের মেডিকেল দল বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। সেই গবেষণায় অনুমোদিত একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় এসেছে ভায়াগ্রা।
চিকিৎসকদের মতে, ভায়াগ্রা রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে। এতে রক্ত সঞ্চালন বাড়তে পারে এবং উচ্চতায় কম অক্সিজেনের কারণে সৃষ্ট কিছু শারীরিক জটিলতা মোকাবিলায় সহায়ক হতে পারে।
নিজেদের ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর রেকর্ডও বেশ সমৃদ্ধ। এই ভেন্যুতে ৮৯টি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচে হেরেছে দলটি। সর্বশেষ পরাজয় এসেছিল ২০১৩ সালে। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে সহ-স্বাগতিক দেশটি। এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা।
অন্যদিকে, ইংল্যান্ড এই বিশ্বকাপে এখনো পর্যন্ত খুব বেশি আধিপত্য দেখাতে না পারলেও কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতার পরিচয় দিয়েছে। রাউন্ড অব ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে দলের কিছু দুর্বলতা সামনে এলেও অধিনায়ক হ্যারি কেইনের শেষ মুহূর্তের জোড়া গোলে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্স।
ভায়াগ্রা ব্যবহারে নিয়মের কোনো বাধা নেই
যৌন অক্ষমতার চিকিৎসায় ব্যবহৃত ভায়াগ্রা বিশ্ব ডোপিংবিরোধী সংস্থার (ওয়াডা) নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই। ফলে প্রতিযোগিতার ভেতরে বা বাইরে এটি ব্যবহার করা নিয়মবহির্ভূত নয়।
রক্তনালী ও রক্ত সঞ্চালনের ওপর এর প্রভাব নিয়ে ওয়াডা দীর্ঘদিন গবেষণা চালিয়েছে। তবে গবেষণায় এমন কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি যে, সমুদ্রপৃষ্ঠ বা স্বাভাবিক উচ্চতায় এটি ক্রীড়াবিদদের পারফরম্যান্স বাড়াতে অতিরিক্ত সুবিধা দেয়।
বিশেষজ্ঞদের মতে, এর সম্ভাব্য উপকারিতা মূলত বেশি উচ্চতার ভেন্যুতে কম অক্সিজেনের পরিবেশের সঙ্গে শরীরকে মানিয়ে নিতে সহায়তা করার মধ্যেই সীমাবদ্ধ। ফলে ইংল্যান্ড শিবিরে ভায়াগ্রা ব্যবহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে, সেটি কেবল মেক্সিকো সিটির উচ্চতাজনিত প্রভাব মোকাবিলার উদ্দেশ্যেই হবে, অতিরিক্ত প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার জন্য নয়।
তথ্যসূত্র: যুগান্তর