সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
পরে আইনজীবী কামরুন নাহার মাহমুদ প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।
রিট আবেদনকারী আইনজীবী জানান, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় ৪৯ শতাংশ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এসব শিক্ষার্থীকে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পুনরায় এ পরীক্ষা ডিসেম্বরে শুরু হবে এবং ২৩ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
কিন্তু এর আগেই ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার কথা। ফলে ২৩ ডিসেম্বর ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়টির তিনটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা ছিল।
কামরুন নাহার মাহমুদ বলেন, সরকার দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এর আগেই ভর্তি পরীক্ষা নিয়ে ফেললে এসব শিক্ষার্থীর সেই সুযোগ কাজে আসবে না। সে ক্ষেত্রে তাঁদের এক বছর অপেক্ষা করতে হতে পারে, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করবে।
তিনি আরও বলেন, রিটে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল, ভর্তি পরীক্ষা অন্তত ২৫ দিন পিছিয়ে দেওয়া হলে সব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করেই এ আবেদন করা হয়।
তথ্যসূত্র: প্রথম আলো


