মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ফেরত পাঠানো হয়েছে ৯৮ জন বাংলাদেশিকে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে মালয়েশিয়া পৌঁছালেও তাদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একে-এপিএস) শুক্রবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ অভিযান চালায়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, যাত্রীরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কড়াকড়ি এড়াতেই তারা ভোরে প্রবেশের চেষ্টা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারার কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এছাড়া পর্যটক ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ ও থাকার উদ্দেশ্যে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
একে-এপিএস জানায়, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১২ ও ১৩ আগস্টও একই কারণে কেএলআইএ থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।



