বাংলাদেশ
প্রধান খবর

মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মগবাজার মোড়ে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচ দিয়ে চলাচল করা এক যুবকের মাথায় আঘাত হানে। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রথমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে সিয়াম বলে শনাক্ত করেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন এবং ঘটনার সময় ওই এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ককটেল বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন,
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button