কাহালু উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় বালুভর্তি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো: বাবর আলী (৬৫) ও মো: আব্দুল বাসেদ (৭০)। তাঁরা দুজনই উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আব্দুল মকিম (৬০)। তিনি কাহালু উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে কাহালু যাওয়ার পথে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকার পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবর আলী ও আব্দুল বাসেদের মৃত্যু হয়। আহত আব্দুল মকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ দুই ব্যক্তির মৃত্যুর খবরে তাঁদের পরিবার-পরিজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button