
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এদিন সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানান। এ সময় রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তাঁকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গতকাল এক দিনেই রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, অপরাধের পুরো ঘটনা সম্পর্কে জানতেন স্বপ্না। বিষয়টি জানতেন বলেই তিনি তাঁর স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না এই অপরাধের সঙ্গে জড়িত।
গত ১৯ মে মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায়, গত ৭ জুন মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায়ের পর ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



