
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে তফসিলি ব্যাংকগুলোর কাছে নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন থেকে পাওয়া অনুরোধপত্রের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির ব্যাখ্যা
এর আগে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,
‘বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছি আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখতে। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক লেনদেনের কোনো বিষয় থাকলে, সম্ভাব্য প্রার্থী বা তাঁদের এজেন্টরা যেন তা সঠিকভাবে সম্পন্ন করতে পারেন।’
নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্তে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আর্থিক কার্যক্রম সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: বণিক বার্তা



