ক্রিকেট
প্রধান খবর

বিগ ব্যাশে মুস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আরও এক ক্রিকেটার। তৃতীয় বাংলাদেশি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। অন্যদিকে, আগের আসরের মতো এবারও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সব মিলিয়ে বিগ ব্যাশের আসন্ন মৌসুমে দেখা যাবে বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজ ও রিশাদকে।

এর আগে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব। পরের বছর যোগ দেন মেলবোর্ন রেনেগেডসে। সাকিবের সেই সাবেক দলেই এবার খেলবেন মুস্তাফিজ। আর রিশাদ থাকছেন তাঁর আগের দল হোবার্ট হারিকেন্সে।

ঢাকায় চলছে ডি থ্রি ট্রফির নিলাম। সেখানেই জানানো হয়েছে, বিগ ব্যাশে খেলার কারণে নির্দিষ্ট সময়ের জন্য ডি থ্রি ট্রফিতে পাওয়া যাবে না মুস্তাফিজকে। বিসিবির কাছ থেকে বিগ ব্যাশে খেলার অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছেন তিনি।

১২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টে খেলতে পারবেন না বাঁহাতি পেসার। ওই সময় অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের ব্যস্ত সূচিতে থাকবেন তিনি।

আইপিএল, পিএসএল ও আইএলটি-টোয়েন্টিসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মুস্তাফিজ। তবে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা এবারই প্রথম হতে যাচ্ছে তাঁর। সবকিছু ঠিক থাকলে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের এই কাটার মাস্টারকে। অন্যদিকে, বিগ ব্যাশে নিজের দ্বিতীয় মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button