বাংলাদেশ
প্রধান খবর

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের জামিন

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে মুক্তি, আদালত প্রাঙ্গণে উল্লাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (আজ) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুলসংখ্যক নেতা–কর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক আবদুল তালেব মোল্লা জানান, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ একজন আসামিকে আটক করলে মাহদী হাসান দলীয় নেতা–কর্মীদের নিয়ে থানায় উপস্থিত হন। এ সময় তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সরকারি কাজে বাধা দেন—এমন অভিযোগে তাঁকে আটক করে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও এম এ মজিদ আদালতে বলেন, মাহদী হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য ধারার আওতাভুক্ত। থানায় বক্তব্য দেওয়ার সময় তিনি অনিচ্ছাকৃতভাবে কিছু কথা বলেছেন, যার জন্য তিনি অনুতপ্ত। তিনি কোনো ধরনের দুর্ব্যবহার করেননি এবং অন্যায়ের প্রতিবাদ করতেই সেখানে উপস্থিত হয়েছিলেন।

সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক মাহদী হাসানের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশ ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতা–কর্মীরা উল্লাস প্রকাশ করেন। পরে জামিনে মুক্ত হয়ে মাহদী হাসান নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে কারাগার থেকে মিছিল করে শহর প্রদক্ষিণ করেন।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button