আন্তর্জাতিক খবর
প্রধান খবর

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট-গ্রেড রাসায়নিক ও লাখ লাখ সিম কার্ড জব্দ

চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা একটি কার্গো জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামের কৌশলগত রাসায়নিক জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। একই জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে লাখ লাখ অনিবন্ধিত খালি ফোর-জি এলটিই সিম কার্ড। রকেট ও ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের বিশাল চালান এবং সিম কার্ডের গন্তব্য ও আমদানিকারক প্রতিষ্ঠান নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

কোমোরোসের পতাকাবাহী সাধারণ কার্গো জাহাজ ‘এমভি স্টার লাইন’ (আইএমও নম্বর ৮৩৫৬৯৬২) চীনের লিয়েনইয়ুনগ্যাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করা হয়। ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করে। ২৩ নভেম্বর প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) এক প্রতিবেদনে জব্দের বিস্তারিত তথ্য উঠে এসেছে।

সন্দেহজনক গতিবিধিতে আটক

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তথ্যমতে, জ্বালানি নেওয়ার জন্য বেলাওয়ান জলসীমায় অবস্থান করছিল এমভি স্টার লাইন। এ সময় দেশটির নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে করে। নির্ধারিত সমুদ্রপথ থেকে সরে যাওয়া এবং যোগাযোগের চেষ্টায় সাড়া না দেওয়ার বিষয়টি নজরে আসার পর জাহাজটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে পাওয়া যায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। পাশাপাশি ৫৪টি প্যালেটে রাখা ছিল লাখ লাখ অনিবন্ধিত খালি ফোর-জি এলটিই সিম কার্ড।

জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে। নথিতে নিবন্ধনের মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত উল্লেখ থাকলেও যাচাইয়ে জাহাজটির নিবন্ধন স্থগিত থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

কী এই সোডিয়াম পারক্লোরেট

সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক রাসায়নিক। এটি নিজে বিস্ফোরক বা জ্বালানি নয়, তবে নির্দিষ্ট উপাদানের সঙ্গে ব্যবহারে দহন প্রক্রিয়াকে সহায়তা করতে পারে। রকেট ও ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি তৈরির পাশাপাশি বিভিন্ন শিল্প ও গবেষণাগারেও রাসায়নিকটির ব্যবহার রয়েছে।

টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, জব্দ করা রাসায়নিকের পরিমাণ দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপযোগী জ্বালানি প্রস্তুতের উপাদান পাওয়া সম্ভব হতে পারে। তবে এই হিসাবের কারিগরি ভিত্তি, রাসায়নিকটির প্রকৃত ব্যবহার এবং চূড়ান্ত ব্যবহারকারী সম্পর্কে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আমদানিকারক কারা, তদন্তে গুরুত্ব

জাহাজটির গন্তব্য বাংলাদেশের মোংলা বন্দর হলেও চালানের আমদানিকারক প্রতিষ্ঠান বা প্রকৃত গ্রাহকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত জাহাজের ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট বা আইজিএম থেকে আমদানিকারক ও পণ্যের বিবরণ শনাক্ত করা সম্ভব। তবে বাংলাদেশে পৌঁছানোর আগেই জাহাজটি আটক হওয়ায় আমদানিকারক শনাক্ত করতে তদন্তের প্রয়োজন হচ্ছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জাহাজের নথিপত্র, পণ্য পরিবহনের ঘোষণা এবং বিপজ্জনক রাসায়নিক পরিবহনের নিয়মকানুন অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে। জাহাজের নাবিকদের জিজ্ঞাসাবাদ এবং চালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার কাজও চলছে।

এদিকে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজের ছবিভিত্তিক প্রতিবেদনে ২০ নভেম্বর বেলাওয়ানে রাসায়নিক ও মাদকসংক্রান্ত জব্দের ঘটনার তথ্য প্রকাশ করা হয়েছে। তবে জাহাজে থাকা রাসায়নিক ও সিম কার্ডের প্রকৃত মালিকানা এবং বাংলাদেশে কার কাছে চালানটি যাওয়ার কথা ছিল, তা এখনো স্পষ্ট নয়।

মোংলা বন্দরের উদ্দেশ্যে আসা এই চালান নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে আমদানিকারক, পণ্যের ঘোষিত ব্যবহার এবং চালানটির বৈধতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button