বাংলাদেশ
প্রধান খবর

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার দেখানো নিয়ে ‘বিশেষ নির্দেশনা’ রাজশাহী রেঞ্জ পুলিশ ডিআইজির

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘শ্যোন অ্যারেস্ট’ (অন্য মামলায় গ্রেফতার দেখানো) সংক্রান্ত একটি “বিশেষ নির্দেশনা” জারি করেছেন।

মঙ্গলবার পাঠানো এ চিঠি রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের কাছে পৌঁছেছে। জেলাগুলো হলো-
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।

চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত কোনো সংগঠনের এমন নেতাকর্মী যারা জামিনে মুক্তি পেয়ে দলকে পুনরায় সংগঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম-তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে।

তবে যারা এ ধরনের সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম নন, তাদের ক্ষেত্রে আপাতত গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে “কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন” শব্দবন্ধ ব্যবহার করা হলেও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল-যেমন বাংলাদেশ আওয়ামী লীগ-এর নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

এছাড়া প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণের কথাও বলা হয়েছে।

চিঠি গণমাধ্যমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ছিল এবং সাংবাদিকদের কাছে যাওয়ার কথা নয়।

তিনি দাবি করেন, এই নির্দেশনা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকার স্বীকৃত সংগঠনকে লক্ষ্য করে নয়; বরং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন নিষিদ্ধ বা অপরাধী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগাম বার্তা হিসেবে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এটি পুলিশ সদর দফতরের নির্দেশ নয়; বরং রেঞ্জ পর্যায়ের অভ্যন্তরীণ উদ্যোগ। ভাষাগত কারণে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি

এই বিভাগের অন্য খবর

Back to top button