
রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রশ্নের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। রোববার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে প্রকাশ করা নতুন এক ভিডিওতে তিনি অভিযোগ করেন, হামলার পরপরই ক্যান্টনমেন্ট থানায় গেলেও পুলিশ তখন তার মামলা নেয়নি।
শনিবার রাতে স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও কয়েকটি মন্তব্যের জবাব দিতে ভিডিওটি প্রকাশ করেন সালমান।
ভিডিওতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। হামলার পর তিনি অনেক লোকজন নিয়ে ক্যান্টনমেন্ট থানায় যান এবং রোববার ভোর ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। তবে সে সময় তার মামলা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
সালমান মুক্তাদির বলেন, “আমি যে গতরাতে চারটা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে আপনার থানাতে বসেছিলাম, ক্যান্টনমেন্ট থানায় গতরাতে চারটা পর্যন্ত বসে থেকে টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম।”
তার ভাষ্য, সকালে ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করার পর রোববার দুপুরে পুলিশ মামলা নেয়।
তিনি বলেন, “এর আগ পর্যন্ত মামলা আসলে কেন দায়ের করা হয় নাই-এই প্রশ্নটা আপনার কাছে থাকার কথা আমার, দেশবাসীরও।”
এর আগে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। তবে তার এ অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যসূত্র: বিবিসি বাংলা



