
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি বেড়ে ৫১৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত এক দিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৭৪ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬১ জন।
এ ছাড়া এ সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গুতে মারা গেছেন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

