
ঢাকার বাইরে ক্রিকেটের পরিধি বাড়াতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রতিটি একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটার। তাঁদের প্রশিক্ষণের জন্য কোনো অর্থ দিতে হবে না। যাবতীয় খরচ বহন করবে বিসিবি।
রোববার (২২ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে নতুন এ পরিকল্পনার কথা জানান তামিম। আগামী কয়েক মাসের মধ্যেই একাডেমিগুলোর কার্যক্রম শুরু করতে চান তিনি। তবে বিসিবির এ উদ্যোগ স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর প্রতিদ্বন্দ্বী হবে না, বরং সহযোগী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বোর্ডপ্রধান।
তামিম বলেন, ‘বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’
প্রাথমিকভাবে বগুড়া, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের মতো শহরগুলোতে একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে বিসিবির। এসব জায়গায় আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা ও কোচ থাকায় নতুন করে বড় বিনিয়োগের প্রয়োজন হবে না বলে মনে করছেন তামিম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে।’
শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়াতে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। তামিম বলেন, ‘আমরা চেষ্টা করব বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করব, ৫০ জন হোক বা ৬০ জন-তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’
বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রস্তুতির সময়ও বাড়াতে চান বিসিবি সভাপতি। তাঁর পরিকল্পনা, টুর্নামেন্টের অন্তত চার মাস আগে খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ শুরু করা।
দীর্ঘ মেয়াদে দেশের ৬৪ জেলায় বিসিবির একাডেমি গড়ে তোলার স্বপ্নও দেখছেন তামিম। আগামী ২৮ নভেম্বর বোর্ড সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন পেলে শুরু হবে বাস্তবায়নের কাজ।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



