৩১ বার করোনা পজিটিভ এক নারী

পাঁচ মাস আগে প্রথমবার করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত ৩১ বার কোভিড পজিটিভ হয়েছেন এক নারী। বর্তমানে তার চিকিৎসা চলছে ভারতের রাজস্থানের আরবিএম হাসপাতালে। ভরতপুরের ‘আপনা ঘর আশ্রম’-এ ওই নারী এসেছিলেন বাজহেরা গ্রাম থেকে। আশ্রম কর্তৃপক্ষ এখন ওই নারীকে জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করছেন।
সারদা নামে ওই নারীর প্রথমবার কোভিড টেস্ট হয় গত বছর ২০ আগস্ট। তখন তিনি কোভিড পজিটিভ হন। তার পরেই তাকে ভর্তি করা হয় আরবিএম হাসপাতালে। সেখানে চিকিৎসা করিয়ে সারদাকে আশ্রমে ফিরিয়ে আনা হয়।
আপনা ঘর আশ্রমের প্রতিষ্ঠাতা ডা. বিএম ভরদ্বাজ জানান, হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে ৩১ বার করোনা পরীক্ষা হয়েছে সারদার। প্রতিটি টেস্টেই কোভিড পজিটিভ এসেছে। কিন্তু দেখা যাচ্ছে, বেশ ভালোই রয়েছেন সারদা। কোনো গুরুতর সমস্যা বর্তমানে নেই তার।
সূত্র: দৈনিক আমাদের সময়



