বাংলাদেশ
প্রধান খবর

বিএনপিসহ সবাই মিলে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ দেশবাসীর সম্পদ। যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে, তারা সবাই এতে স্বাক্ষর করেছে। আমি মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ও এটি বাস্তবায়নে বদ্ধপরিকর।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ জেলা ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদের বাইরে কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য দিয়ে মূল দলগুলোর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যাতে সরকার নির্বিঘ্নে রাষ্ট্র পরিচালনা করতে না পারে। তবে যেহেতু বিএনপিসহ সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাই সম্মিলিতভাবেই এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, অতীতের সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রহসনে পরিণত হয়েছিল। তবে দীর্ঘদিন পর গত ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করেছে। ভবিষ্যতেও স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যোগাযোগব্যবস্থাকে ভোলার প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, সবার আগে এ খাতের উন্নয়ন জরুরি। তিনি জানান, তারেক রহমান ভোলা-বরিশাল সেতু নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোলা একটি সমৃদ্ধ জেলা, যেখানে উল্লেখযোগ্য গ্যাসের মজুদ রয়েছে। এই সম্পদকে কাজে লাগিয়ে সার কারখানাসহ বিভিন্ন গ্যাসভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্পাঞ্চল গড়ে উঠলে তা স্থানীয় জনগণ ও দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় ভোলার জেলা প্রশাসক শামীম রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button