
ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী রমনা মডেল থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার অফিসার ইনচার্জ, ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই। থানায় আসা সেবাগ্রহীতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। থানা চত্বরকে পুরোপুরি দালালমুক্ত করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন।
পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: একাত্তর টিভি



