
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ লাবলু রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৯ নভেম্বর) সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নওগাঁগামী পাকা সড়কের দক্ষিণ পাশে একটি পান-সিগারেটের দোকানের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার জানান, অভিযানের সময় পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার পেছনের সিটে যাত্রী হিসেবে বসে ছিলেন মোঃ লাবলু রহমান। পরে তার দেহ বিধি মোতাবেক তল্লাশি করে লাল রঙের কাপড়ের টুকরা দিয়ে বাঁধা অবস্থায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ লাবলু রহমান (২০) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লকু সিভিল কলোনীর মোঃ লুৎফর রহমান ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে গ্রেফতারকৃত লাবলু রহমানের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।



