বাংলাদেশ
প্রধান খবর

দুর্নীতি রোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

দুর্নীতি রোধে কেন্দ্রীয় মনিটরিং ও পাবলিক ডিসপ্লে চালুর নির্দেশনা চাওয়া

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমান-এর বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে (আইজিআর) জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের সব সাব-রেজিস্ট্রার অফিসে হাই-ডেফিনিশন (এইচডি) সিসি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনে অবিলম্বে পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না-তা জানতে চাওয়া হয়েছে।

এছাড়া সেবার ডিজিটালাইজেশন তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন এবং অফিসগুলোতে ২৪ ঘণ্টা মনিটরিং নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আল মামুন সরোয়ার জনস্বার্থে এই রিট দায়ের করেন। এর আগে গত ২৬ এপ্রিল তিনি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।

আইনজীবী আল মামুন বলেন, সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন নিজ উদ্যোগে অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে একটি উদাহরণ তৈরি করেছেন। জনগণের জন্য মনিটর উন্মুক্ত রাখার বিষয়টি স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তবে জানা গেছে, ওই সাব-রেজিস্ট্রারকে রোববার ‘অনিয়ম ও দুর্নীতির’ অভিযোগে প্রত্যাহার করে নিবন্ধন দফতরে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল মামুন বলেন, শুধুমাত্র সিসিটিভি দিয়ে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও প্রযুক্তির ব্যবহার এটিকে অনেকাংশে কমাতে পারে। তিনি বলেন, ডিজিটালাইজেশন এক ধরনের ‘কৃত্রিম সাক্ষী’ হিসেবে কাজ করবে, যা জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়াবে।

রিট আবেদনে বলা হয়, সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বচ্ছতার অভাব দীর্ঘদিনের সমস্যা। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দালালের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

এতে আরও উল্লেখ করা হয়, এ পরিস্থিতি সংবিধানের সমান সুযোগ ও আইনি সুরক্ষা সংক্রান্ত অধিকার লঙ্ঘনের শামিল।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button