
আজ ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার। প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের পরদিন পালিত হয় এই দিনটি। ব্ল্যাক ফ্রাইডেকে ঘিরে দেশটিতে শুরু হয় বড়দিনের কেনাকাটার মৌসুম। এ উপলক্ষে বিভিন্ন দোকান ও বিপণিবিতানে পণ্যের ওপর দেওয়া হয় আকর্ষণীয় ছাড়, আর সেই সুযোগ নিতে বিপুলসংখ্যক ক্রেতা ভিড় করেন দোকানগুলোতে।
ব্ল্যাক ফ্রাইডে মূলত যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক আয়োজন হলেও সময়ের সঙ্গে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই এদিন নানা পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয়। তবে এই দিনটির নামকরণ ও প্রচলনের পেছনে রয়েছে ভিন্ন ইতিহাস।
নামকরণের ইতিহাস
‘ব্ল্যাক ফ্রাইডে’ নামটি শুনে অনেকের কাছে দিনটিকে অশুভ মনে হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাছে দিনটি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত বাণিজ্যিক দিন। ধারণা করা হয়, ১৯৬০-এর দশকে ফিলাডেলফিয়ায় এই শব্দটির প্রচলন শুরু হয়।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের বর্ণনা অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের পরদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও ফুটবল ম্যাচ দেখতে শহরে জড়ো হতেন। এতে শহরের রাস্তায় যানজট সৃষ্টি হতো, জনসমাগম সামলাতে হিমশিম খেতে হতো পুলিশকে। এই বিশৃঙ্খল পরিস্থিতি ও যানজটের কারণে পুলিশ সদস্যরা দিনটিকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ বলে অভিহিত করেন।
পরবর্তী সময়ে ব্যবসায়ীরা নেতিবাচক অর্থ বহনকারী এই নামকে ইতিবাচকভাবে উপস্থাপন করেন। ব্যবসায়িক হিসাবের খাতায় লোকসান লাল কালিতে এবং লাভ কালো কালিতে লেখার প্রচলিত ধারণার সঙ্গে মিলিয়ে দিনটির নামকে লাভ ও বাণিজ্যিক সাফল্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়।
১৯৭৫ সালের ২৯ নভেম্বর নিউইয়র্ক টাইমসও দিনটিকে বছরের ব্যস্ততম কেনাকাটা ও যানজটের দিন হিসেবে উল্লেখ করেছিল।
ব্ল্যাক ফ্রাইডের তাৎপর্য
ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রে বড়দিনের কেনাকাটার মৌসুমের সূচনা হিসেবে বিবেচিত হয়। এদিন ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যে বড় ধরনের ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন। পোশাক, ইলেকট্রনিকস, গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে নানা পণ্যে বিশেষ অফার থাকে।
একসময় দোকানগুলো সাধারণত সকাল ৬টায় খুলত। পরে অনেক দোকান ভোর ৪টা থেকে ৫টার মধ্যেই খোলা শুরু করে। ২০১১ সালে বেশ কয়েকটি জনপ্রিয় দোকান মধ্যরাত থেকেই ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার সময় আরও বিস্তৃত হয়।
২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেকে বছরের অন্যতম ব্যস্ততম, অনেক ক্ষেত্রে সবচেয়ে ব্যস্ত শপিং দিবস হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। এদিন বিপুল পরিমাণ পণ্য বিক্রি হওয়ায় ব্যবসায়ীদের আয় ও খুচরা বাণিজ্যের পরিসংখ্যানেও উল্লেখযোগ্য প্রভাব পড়ে।
সরকারি ছুটি নয়, তবু বিশেষ দিন
ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিন নয়। তবে ক্যালিফোর্নিয়াসহ কিছু অঙ্গরাজ্যে সরকারি কর্মচারীদের জন্য দিনটি ছুটি হিসেবে বিবেচিত হয়। অনেক স্কুল, কলেজ ও বেসরকারি প্রতিষ্ঠানও থ্যাংকসগিভিংয়ের দিন এবং পরদিন ছুটি দিয়ে থাকে।
ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটাকে ঘিরে অতীতে নিরাপত্তা ও জনসমাগম নিয়েও নানা ঘটনা ঘটেছে। ২০০৬ সালের একটি প্রতিবেদনে এদিন কেনাকাটার ভিড়ে প্রায় ১২ জনের মৃত্যুর এবং ১১৮ জন আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছিল।
বর্তমানে ব্ল্যাক ফ্রাইডে শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও অনলাইন শপিং প্ল্যাটফর্ম এ আয়োজনকে কেন্দ্র করে বিশেষ ছাড় ও প্রচারণা চালায়। ফলে দিনটি আন্তর্জাতিক বাণিজ্য ও ভোক্তাদের কেনাকাটার অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।



