যুক্তরাষ্ট্রে ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঝড়ের কারণে ৪ শতাধিক ফ্লাইট বাতিল, দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৯ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড।
বার্তা সংস্থা আনাদোলু, সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দেশটির অন্যতম ব্যস্ত ছুটির সময়ে সড়ক ও আকাশপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
থ্যাংকসগিভিং উপলক্ষে যখন মানুষ ঐতিহ্যবাহী ভোজের প্রস্তুতি নিচ্ছিল, তখন বিদ্যুৎহীন হয়ে পড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজের হিসাব অনুযায়ী, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দরগুলোতেও এর প্রভাব পড়ে। ফ্লাইটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, যুক্তরাষ্ট্রে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চলে।
প্রতি বছর ম্যানহাটনের প্রাণকেন্দ্র দিয়ে রঙিন বিশাল বেলুন নিয়ে আয়োজন করা হয় নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস প্যারেড। আয়োজকেরা জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে প্যারেডটি পিছিয়ে আগামী শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছর এ আয়োজন দেখতে লাখ লাখ মানুষ জড়ো হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বাতিল হওয়া ছাড়া থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারে এই প্যারেড বন্ধ রাখার আর কোনো নজির নেই।
আয়োজকেরা ১৯৯৭ সালের ঘটনার কথাও মাথায় রেখেছেন। সে বছর ঝোড়ো বাতাসে ১৮ ফুট উঁচু ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির ওপর পড়ে যায়। এতে একজন দর্শক জ্ঞান হারিয়েছিলেন।
ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেন, ‘প্যারেড পিছিয়ে দেওয়ায় আমরা ভীষণ হতাশ। তবে আমাদের সহযোগী, অংশগ্রহণকারী এবং দর্শকদের নিরাপত্তা সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। উপকূল থেকে দূরের এলাকাগুলোতেও ঝড়ের প্রভাব পড়েছে। প্রবল বাতাস ও অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় অনেক গাছ উপড়ে বিদ্যুতের তার ও বাড়িঘরের ওপর পড়েছে।
দেশটির রাজধানী ওয়াশিংটনের আশপাশের মেরিল্যান্ড এলাকার কর্মকর্তারা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি শোধন ও সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা করছেন। এ কারণে প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে।
কর্মকর্তারা মানুষকে অপ্রয়োজনে সড়কে চলাচল না করার পরামর্শ দিয়েছেন। প্রবল বাতাসের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুও বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়ার কারণে গত বুধবার নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন অঙ্গরাজ্যটির গভর্নর মিকি শেরিল। তিনি বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নিজেদের ইলেকট্রনিক যন্ত্রগুলো চার্জ দিয়ে রাখুন, বিদ্যুৎ বিভ্রাটের খবর সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে জানান এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দূরে থাকুন।’
এদিকে ঝড়ের মধ্যেও অনেকে নিজেদের মতো করে থ্যাংকসগিভিং উদ্যাপনের ব্যবস্থা করেছেন। ঐতিহ্য অনুযায়ী, এ উৎসবে পরিবারের সদস্যরা একসঙ্গে বড় ভোজে অংশ নেন। খাবারের মূল আকর্ষণ থাকে টার্কি।
খ্যাতনামা শেফ হোসে আন্দ্রেস এক্সে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মোমবাতির আলোয় সাজানো খাবারের টেবিল এবং গ্যাসের চুলায় রান্না করা গলদা চিংড়ি দেখা যায়। ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘বিদ্যুৎ নেই? কোনো সমস্যা নেই।’
এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়ের প্রভাবের পাশাপাশি চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়াতেও বৈরী আবহাওয়া দেখা গেছে। সেখানে বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়েছে। কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং সান ফ্রান্সিসকোতেও ভারী বৃষ্টিতে ভিজেছে।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন ৯ লাখের বেশি গ্রাহক। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু করতে কিছুটা সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিদ্যুৎ কোম্পানিগুলো নিরলসভাবে কাজ করছে।
দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় ২ লাখ ৩০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া বাড়ির সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি পৌঁছেছে।
এছাড়া নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও মিসৌরিতেও এক লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই।
নিউ জার্সির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আটলান্টিক সিটি ইলেকট্রিক জানিয়েছে, কর্মীরা নিরাপদে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে পারলেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সম্ভাব্য সময় সম্পর্কে হালনাগাদ তথ্য জানানো হবে।
প্রতিষ্ঠানটি বলেছে, প্রবল বাতাস, বন্যা ও সড়ক বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে।
ভার্জিনিয়ায় ১ লাখ ৩৯ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। কারণ, ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



