বাংলাদেশ
প্রধান খবর

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও জমি নিয়ে বিরোধের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শাহরিয়ার এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের করা মামলার ১ নম্বর আসামি। অভিযান চালিয়ে রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাতে দুই ট্রাক লোকজন নিয়ে এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি বলেন, কিছুক্ষণ আগে সেখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন। তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও ধারণা প্রকাশ করেন তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সম্ভবত ৩৫ কাঠার একটা ডিসপিউটেড ল্যান্ড। যেখানে দুই পক্ষের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এক পক্ষ নিউগিনি প্রপার্টিজের। আরেক পক্ষ হলো একজন রিটায়ার্ড সিনিয়র সামরিক অফিসার। তাদের মধ্যেই বিরোধটা চলছিল।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক রিপোর্ট অনুসারে, রিটায়ার্ড কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে এটা দখল করতে গিয়েছে।’

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

Back to top button