আদমদিঘী উপজেলাবগুড়া জেলা

বগুড়ায় নিরাপত্তা বাড়াতে যুক্ত হলো নতুন পুলিশ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী চাঁপাপুর এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে ক্যাম্পটির উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

পরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, “অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।” সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, চাঁপাপুর আদমদীঘি উপজেলার একটি প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা। এর আশপাশে নন্দীগ্রাম, কাহালু ও রানীনগর থানার সীমানা থাকায় অপরাধীরা এক এলাকায় অপরাধ করে দ্রুত অন্য এলাকায় পালিয়ে যাওয়ার সুযোগ পায়। এ কারণে অপরাধ নিয়ন্ত্রণে চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এমপি আরও বলেন, জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চাঁপাপুর পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদে তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button