আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার আদমদীঘিতে টানা বৃষ্টিতে রবি শস্য আবাদে ক্ষতির শঙ্কা

রিপন দাস, বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় গত দুই দিনের টানা বৃষ্টিতে উঠতি আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে চলতি মৌসুমে রবি শস্যের আবাদ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে আলু, সরিষা ও শীতকালীন সবজি চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষক। আগাম জাতের আমন ধান কেটে জমিতে সরিষা রোপণ করা কৃষকরাও পড়েছেন দুশ্চিন্তায়। বৃষ্টিপাত অব্যাহত থাকলে অনেক জমিতে সময়মতো আলু ও সরিষার আবাদ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন তারা।

জানা গেছে, শস্যভান্ডার হিসেবে পরিচিত বগুড়ার আদমদীঘি উপজেলায় কৃষি অর্থনীতির অন্যতম প্রধান ফসল আমন ধান, সরিষা, আলু, কাঁচা মরিচ ও বিভিন্ন ধরনের শাকসবজি। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উৎপাদিত এসব কৃষিপণ্য স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। অনেক কৃষক ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় তা নিয়ে বিপাকে পড়েছেন তারা।

অন্যদিকে, রবি শস্য আবাদের প্রস্তুতি হিসেবে অনেক কৃষক আমন ধান কাটার পর জমি প্রস্তুত করেছিলেন। কেউ কেউ আগাম সরিষাও রোপণ করেছেন। কিন্তু লাগাতার বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় এবং মাটি ভিজে থাকায় নতুন করে আলু, সরিষা ও অন্যান্য ফসল রোপণের কাজ ব্যাহত হচ্ছে।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টির কারণে জমির মাটি শুকাতে দেরি হলে নির্ধারিত সময়ে আলু ও সরিষা রোপণ করা সম্ভব হবে না। এতে চলতি মৌসুমে এসব ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

উপজেলা কৃষি অফিস কর্মকর্তারার জানান, চলতি মৌসুমে উপজেলায় রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষা, ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৫৫ হেক্টর জমিতে কাঁচা মরিচ এবং ৩৭০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের কৃষক আবু মোত্তালেব বলেন, “আমি তিন বিঘা জমিতে সরিষা রোপণ করেছি। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। সদ্য রোপণ করা সরিষা নিয়ে এখন চরম দুশ্চিন্তায় রয়েছি। বৃষ্টির কারণে ফসলের কী অবস্থা হবে, তা বুঝতে পারছি না।”

উপজেলার শালগ্রাম গ্রামের কৃষক আব্দুল গফুর বলেন, “বৃষ্টিতে জমির মাটি অতিরিক্ত ভিজে গেছে। এই মাটি শুকাতে অনেক সময় লাগতে পারে। ফলে এ বছর আর সময়মতো আলু ও সরিষা লাগানো সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছি। সময়মতো আবাদ করতে না পারলে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”

এদিকে, অসময়ের এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে শুধু স্থানীয় কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, বাজারেও আলু ও সরিষার সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে শনিবার (২১ নভেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনের বৃষ্টিপাতে উঠতি আমন ধান কাটা ও চলতি মৌসুমের রবি শস্য আবাদে কিছুটা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত বন্ধ হলে এবং আবহাওয়া অনুকূলে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button