পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আপনারা আমাকে ভালো বলবেন—জেলা প্রশাসন একটা কাজ করেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে যেসব প্রশ্ন করা হবে, সেসব প্রশ্নের উত্তর তখন আমার কাছে থাকবে না। আজকের এই আয়োজনের মাধ্যমে যেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, সেই চেষ্টাই করছি।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের আয়োজনটি যেন কিয়ামতের কঠিন দিনে নাজাতের অসিলা হয়—এই কামনা করি। এই ট্রাস্ট যাদের জন্য করা হয়েছে, যদি তা সামান্যও উপকারে আসে, তবেই এই আয়োজন স্বার্থক হবে। হয়তো সেদিন সেই কঠিন প্রশ্ন থেকে কিছুটা হলেও রেহাই পাব।”
সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
তথ্যসূত্র: যুগান্তর



