বগুড়া জেলাসোনাতলা উপজেলা
প্রধান খবর

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৩

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। হামলায় পুলিশের এক কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান পিকআপ ভ্যান নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে ফুলবাড়িয়া গ্রামে যান।

পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে তাঁদের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে তাঁর লোকজন ‘মব’ সৃষ্টি করেন। তাঁদের মারধরে এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button