রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত অপর রাশিয়ান নাগরিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হলে সার্গেইর অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের হাতাহাতির জেরেই এ ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪